স্পোর্টস ডেস্ক | ৩১ মার্চ, ২০২৬
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জয় দিয়ে যাত্রা শুরু করলেও মাঠের বাইরের বিতর্কে কোণঠাসা লাহোর কালান্দার্স। দলের বিদেশি তারকা সিকান্দার রাজার পরিচিত চারজন বহিরাগতকে মধ্যরাতে জোরপূর্বক হোটেলে প্রবেশ করানোর দায়ে বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে ১০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা) জরিমানা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
পাঞ্জাব পুলিশের দেওয়া তথ্যমতে, গত শনিবার রাত দেড়টায় সিকান্দার রাজার চারজন আত্মীয়কে খেলোয়াড়দের ফ্লোরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পিসিবির সিকিউরিটি ম্যানেজার দুবার এই অনুরোধ প্রত্যাখ্যান করলেও শাহিন ও রাজা নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে তাঁদের ভেতরে নিয়ে যান। সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন ওই বহিরাগতরা।
যদিও সিকান্দার রাজা পরবর্তীতে দাবি করেছেন যে এই ঘটনায় শাহিনের কোনো সম্পৃক্ততা ছিল না, তবুও ফ্র্যাঞ্চাইজিটি ‘জবাবদিহিতা নিশ্চিত করতে’ অধিনায়ককেই দায়ী করেছে। আশ্চর্যের বিষয় হলো, একই অপরাধে পুলিশ রাজাকে অভিযুক্ত করলেও ফ্র্যাঞ্চাইজি তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। বল টেম্পারিংয়ের পর এই নিরাপত্তা ভঙ্গের ঘটনা লাহোর শিবিরের শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।





Total views : 7300