রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

০৬ জুন ২০২৬

বিগত বছরগুলোতে রাজনৈতিক বা বিভিন্ন উপায়ে সারাদেশে যেভাবে ঘরে ঘরে মাদক পৌঁছে দেওয়া হয়েছিল, বর্তমান সরকার সেই মাদকের ভয়াবহ প্রভাব দূর করতে এবার ঘরে ঘরে খেলোয়াড় তৈরি করার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক খেলাধুলার মানোন্নয়নে এবং যুবসমাজকে মাঠমুখী করতে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় নাটোরের লালপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পুতুল তাঁর বক্তব্যে সরকারের ক্রীড়াবান্ধব পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, দেশের মেধাবী ও সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে সুযোগ করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি তৃণমূল থেকে নতুন প্রতিভা অন্বেষণের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম দেশজুড়ে চালু করা হয়েছে। গ্রামীণ পর্যায়ে খেলাধুলার অবকাঠামো পৌঁছে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক ‘মিনি স্টেডিয়াম’ নির্মাণের জন্য সরকার দ্রুত কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

তিনি খেলোয়াড়দের আশ্বস্ত করে আরও বলেন, মাঠপর্যায়ে যারা খেলাধুলায় ভালো ও চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করবে, তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ার জন্য সব ধরনের স্বীকৃতি এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের নীতিগত ও আর্থিক সহযোগিতা দেওয়া হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রতিমন্ত্রী টুর্নামেন্টের বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003795
Total views : 7291
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.