০৭ জুন ২০২৬
প্রতিরক্ষা এবং রাজনৈতিক ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যেতে মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ ও তুরস্ক। গতকাল শনিবার (৬ জুন) তিন দিনের সরকারি সফরের শেষ দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে দেওয়া যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তাঁর এই সফরকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে ‘কৌশলগত পর্যায়ে’ উন্নীত করার প্রথম ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
দুই দেশের দ্বিপক্ষীয় বন্ধন আরও গভীর করার লক্ষ্যে উভয় পক্ষের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের সমন্বয়ে একটি বিশেষ বার্ষিক ‘২+২’ (Two-Plus-Two) পরামর্শ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা ত্বরান্বিত করতে নিজ নিজ পররাষ্ট্রমন্ত্রীর অধীনে একটি স্থায়ী পরামর্শমূলক ব্যবস্থা বা কমিটি গঠন করা হবে। এই কমিটির অধীনে দুই দেশের সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়গুলোও যৌথভাবে কাজ করার সুযোগ পাবে। বৈঠকে দুই নেতার মধ্যে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সামগ্রীর যৌথ উৎপাদন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।





Total views : 7308