ঢাবি প্রতিনিধি | ১৬ মে ২০২৬
চীনা দূতাবাসের বিশেষ আমন্ত্রণে সপ্তাহব্যাপী এক উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ শনিবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।
চীন সফরের উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়ার আগে ডাকসু নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপাচার্য ডাকসু প্রতিনিধি দলের এই আন্তর্জাতিক সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি সফরকালীন সময়ে ডাকসু নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
এই ১৫ সদস্যের প্রতিনিধিদলে ডাকসুর শীর্ষ নেতৃত্বের প্রায় সবাই অন্তর্ভুক্ত রয়েছেন। তালিকায় রয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া।
সপ্তাহব্যাপী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে ডাকসু প্রতিনিধিদল চীনের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়, দেশটির কেন্দ্রীয় ছাত্রসংসদ, বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং একাধিক বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। দ্বিপাক্ষিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি তারা দেশটির ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন ঐতিহাসিক স্থানও ঘুরে দেখবেন বলে ডাকসু সূত্রে নিশ্চিত করা হয়েছে।





Total views : 7300