অভয়নগর (যশোর) প্রতিনিধি | ২৭ এপ্রিল ২০২৬
যশোরের অভয়নগরে দলিল জালিয়াতির মাধ্যমে নামজারি করার অভিযোগে আল আমিন (৪৪) নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এই দণ্ড প্রদান করেন।
ঘটনার বিবরণ: দণ্ডপ্রাপ্ত আল আমিন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বুনোরামনগর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সায়রাত সহকারী ইব্রাহিম হোসেন মুন্না জানান, বাঘুটিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া মৌজার একটি বিবাদমান নামজারি শুনানির সময় জমির মূল দলিল ও নামজারি খতিয়ানে বড় ধরনের অসংগতি ধরা পড়ে।
স্বীকারোক্তি ও দণ্ড: জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আল আমিন দলিল জালিয়াতির বিষয়টি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেন। এর প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে আরও সাজার আদেশ দেন।
প্রশাসনের বক্তব্য: এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘দলিল জালিয়াতির মাধ্যমে নামজারি করার দায়ে আইন অনুযায়ী এই শাস্তি প্রদান করা হয়েছে। জমি সংক্রান্ত যেকোনো কাজে জালিয়াতি বা প্রতারণা রোধে প্রশাসনের কড়া নজরদারি অব্যাহত থাকবে।’






Total views : 7302