প্রতিবেদক: পাবনা প্রতিনিধি
তারিখ: ২১ মে ২০২৬
পাবনার সাঁথিয়া পৌর বাজারে অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তীব্র দ্বন্দ্ব ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নিলাম ডাক চলাকালে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে উপজেলা প্রশাসন নিলাম কার্যক্রম স্থগিত করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পবিত্র ঈদুল আজহার আগের রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন।
এই আদেশ চলাকালীন সংশ্লিষ্ট এলাকায় অস্ত্র বহন, মাইকিং, মিছিল এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাগম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিএনপি ও জামায়াত নেতাদের পরস্পরবিরোধী অভিযোগের প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।






Total views : 7289