বাসস | ১৬ মে ২০২৬
প্রতিবেশী দেশ ভারত ফারাক্কা বাঁধের নামে বাংলাদেশের সাথে অন্যায় করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে ভারতের সাথে কোনো প্রকার চুক্তি করতে দেওয়া হবে না এবং দুই দেশের সুসম্পর্ক বজায় থাকা এখন গঙ্গার পানিবণ্টন বা ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর নির্ভর করছে।
শনিবার (১৬ মে) দুপুরে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব ভারতের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “অবিলম্বে বাংলাদেশের সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে, বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদন করতে হবে। অন্যথায় ভারতের সাথে সুসম্পর্ক স্থাপিত হবার যে সুযোগ তৈরি হয়েছে, তা ব্যাহত হতে পারে।” ফারাক্কা বাঁধের কারণে দেশের নদী ও পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তাকে একটি বিশাল জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত হিসেবে অভিহিত করেন তিনি। সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ওপর ভিত্তি করে দেশের জনগণকে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাতৃভূমির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো চক্রান্ত-ষড়যন্ত্রই বাংলাদেশের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবে না।
বক্তব্যে ২০২৬ সালে শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদের কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, এই চুক্তি নবায়নে ভারতকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। এরই মধ্যে বর্তমান সরকারের ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণের সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে সাধুবাদ জানান তিনি। জনগণের স্বার্থে অত্যন্ত দ্রুততার সাথে এই পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিএনপির উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিশিষ্ট পানি ও পরিবেশ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে ফারাক্কা দিবসের তাৎপর্য ও নদী সংকটের টেকসই সমাধান নিয়ে বক্তব্য রাখেন।





Total views : 7300