আন্তর্জাতিক ডেস্ক | ১৭ মে ২০২৬ ভারতের রাজস্থান রাজ্যে দিল্লিগামী ১২৪৩১ নম্বর ‘রাজধানী এক্সপ্রেস’ ট্রেনে চলন্ত অবস্থায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটির একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে আচমকা এই আগুন ধরে যায়। তবে রেল কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত এবং সময়োপযোগী পদক্ষেপের কারণে বগিতে থাকা ৬৮ জন যাত্রীর সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’-এর এক প্রতিবেদনে আজ রবিবার এই তথ্য জানানো হয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ রবিবার (১৭ মে) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে রাজস্থানের কোটা বিভাগের বিক্রমগড় আলোত স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির ‘বি-১’ (B-1) নামক এসি বগিতে আগুন লাগে। চলন্ত ট্রেনে আগুন লাগার বিষয়টি টের পাওয়ার সাথে সাথেই চালক ট্রেন থামিয়ে দেন। রেল কর্মকর্তারা কালবিলম্ব না করে আগুন লাগা বগিটি ট্রেনের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেন এবং ওই লাইনের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আক্রান্ত বগিটি থেকে প্রচণ্ড গতিতে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং আগুনের তীব্রতায় লাইনের পাশের কয়েকটি গাছেও আগুন ধরে যায়।
অগ্নিকাণ্ডের সময় বি-১ বগিতে ৬৮ জন যাত্রী ঘুমাচ্ছিলেন। তড়িঘড়ি করে তাঁদের সবাইকে উদ্ধার করে ট্রেনের অন্যান্য বগিতে স্থানান্তর করা হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের আপাতত এই অবস্থাতেই কোটা স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং সেখানে ট্রেনটিতে একটি বিকল্প নতুন বগি সংযুক্ত করে দিল্লির উদ্দেশ্যে রওনা করা হবে। উল্লেখ্য, রাজধানী এক্সপ্রেসটি গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর এবং দিল্লি থেকে মাত্র ৪৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। আজ দুপুর সাড়ে ১২টায় ট্রেনটির দিল্লির নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল। শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।






Total views : 7312