রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডুয়েট প্রতিনিধি | ১৭ মে ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ধারাবাহিকতায় এবার নিজস্ব কর্মস্থল থেকে উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত বহিরাগত ভিসিকে প্রত্যাখ্যান করে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলন আজ রবিবার (১৭ মে) রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। নবনিযুক্ত ভিসিকে ক্যাম্পাসে প্রবেশ করানো ঘিরে ডুয়েট শাখা ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের দিনভর দফায় দফায় চলা এই সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গত ১৪ মে শিক্ষা মন্ত্রণালয় দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য করা হয়। এই সিদ্ধান্ত আসার পরপরই তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন ডুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। গত শুক্রবার (১৫ মে) তারা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে নতুন ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় আজ রবিবার শিক্ষার্থীরা নবনিযুক্ত ভিসিকে ‘লাল কার্ড প্রদর্শন’ কর্মসূচির জন্য ক্যাম্পাসের শহীদ মিনারে জড়ো হন। সকাল সাড়ে ১০টার দিকে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে সাথে নিয়ে ডুয়েট শাখা ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। বেলা ৩টা পর্যন্ত থেমে থেমে চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিনিধি জাকারিয়াসহ ১৮ জন আহত হন। এ সময় সাংবাদিক জাকারিয়ার মুঠোফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

ডুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চেয়ে ডুয়েটের একাডেমিক কাঠামো সম্পূর্ণ আলাদা। এখানে শুধুমাত্র পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা শিক্ষার্থীরাই উচ্চশিক্ষার সুযোগ পান। শিক্ষার্থীদের মতে, ডুয়েটের এই বিশেষায়িত শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের মাঠপর্যায়ের বাস্তবতা এবং প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বহিরাগত কারও চেয়ে ডুয়েটে কর্মরত শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক অনেক বেশি। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ বলেন, “আমাদের দাবি স্পষ্ট। নতুন ভিসির শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড বা রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, তাকে অবশ্যই ডুয়েটে কর্মরত কোনো শিক্ষক হতে হবে যিনি এই ক্যাম্পাসকে নিজের মনে করেন। কোনো বহিরাগত ভিসি আমরা মেনে নেব না।” এর আগে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর তৎকালীন বুয়েটের অধ্যাপক ড. হাবিবুর রহমানের পদত্যাগের পর শিক্ষার্থীদের দাবির মুখে ডুয়েটের নিজস্ব শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনকে উপাচার্য করা হয়েছিল। এবার ক্ষমতার পটপরিবর্তনের পর আবারও বহিরাগত ভিসি নিয়োগ দেওয়ায় ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা।

তবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে প্রথম থেকেই ‘মব’ বা উশৃঙ্খল জনতা বলে আখ্যা দিয়ে আসছিল ডুয়েট শাখা ছাত্রদল। আজ ভিসিকে ক্যাম্পাসে যোগদান করাতে গিয়েই এই সংঘর্ষের সূত্রপাত হয়। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই উত্তেজনা চলছিল, যা আজ সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো কেউ গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি।

Share.
Leave A Reply

সম্পাদক ও প্রকাশক

নিউজ পাঠানোর ঠিকানা: news@agranisangbad.net

যোগাযোগ

প্রধান কার্যালয় : নিউ মার্কেট (কাশেমিয়া মাদ্রাসা রোড), রাজশাহী, বাংলাদেশ - ৬১০০। মোবাইল:- ০১৭১৪-৪৬০৭৭৬।

ঢাকা কার্যালয় : বাসা নং- ১৬ (লিফটের ৩), রোড নং- ১২, ব্লক- এফ, নিকেতন, গুলশান।

ইউজার কাউন্ট

003811
Total views : 7312
© ২০২৬ অগ্রণী সংবাদ | কারিগরি সহযোগিতায় সাহারিয়ার কবির.